Thursday, August 6, 2026

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট


প্রতীকী ছবিঃ বাংলাদেশ নির্বাচন কমিশন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী না থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনই নতুন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রয়োজন হলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচনে যদি মাত্র একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ভোটগ্রহণের আর প্রয়োজন হবে না।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হিসেবে স্বাক্ষর করতে হবে। পাশাপাশি প্রার্থীর নিজস্ব সম্মতিসূচক স্বাক্ষরও বাধ্যতামূলক।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের সদস্যদের ভোটে। ভোটগ্রহণের প্রয়োজন হলে সংসদের অধিবেশনকক্ষেই গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই অধিকাংশ ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল। এরপর প্রতিটি নির্বাচনেই একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সেই বাধ্যবাধকতার অংশ হিসেবেই এবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন