Thursday, August 6, 2026

‘জনগণের দাবি নিয়ে এসেছি,: সচিবালয়ের সামনে বললেন জামায়াত আমির


ছবিঃ সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা   

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। তবে সচিবালয়ের সামনে পৌঁছানোর পর পুলিশের বাধার মুখে পড়েন জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পদযাত্রাটি সচিবালয়ের কাছাকাছি এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, আমরা এসেছি জনগণের দাবি নিয়ে। এই কর্মসূচি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, এটি সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন।”

জামায়াত আমির বলেন, ১১ দফা দাবি জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, গ্যাস ও বিদ্যুতের সমস্যা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এসব বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি। জনগণের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে এসেছি। সচিবালয় জনগণের সম্পদ, সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের জনগণের কথা শুনতে হবে।”

ডা. শফিকুর রহমান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১-দলীয় ঐক্য। পরে দুপুর পৌনে ১টার দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। পথে পুলিশের বাধার মুখে পড়লে কিছু সময় সেখানে অবস্থান করেন তারা।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ছাড়াও ১১-দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন