- ০৬ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সম্প্রতি প্রকাশিত একটি ডকুমেন্টারি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। তিনি দাবি করেছেন, ডকুমেন্টারিটি নিয়ে সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শামারুহ মির্জা জানান, তিনি আলোচিত ডকুমেন্টারিটি সম্পূর্ণ দেখেছেন। তার ভাষ্য, এতে শহীদ আবু সাঈদের নাম উল্লেখ করা হয়নি, এমন দাবি সঠিক নয়।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যারা বলছেন ডকুমেন্টারিতে আবু সাঈদের নাম নেই, তারা গুজব ছড়াচ্ছেন।”
ডকুমেন্টারিতে তারেক রহমানকে ‘এক দফা’ আন্দোলনের ঘোষক হিসেবে উপস্থাপন করা হয়েছে—এমন অভিযোগও নাকচ করেন শামারুহ। তার দাবি, ভিডিওটির কোথাও এ ধরনের বক্তব্য দেওয়া হয়নি।
একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নাহিদ ও আসিফের বিষয়টিও ডকুমেন্টারিতে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা যেতে পারত।
পোস্টের শেষাংশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন শামারুহ মির্জা। তিনি লেখেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এনসিপির আচরণ তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
তার ভাষায়, “বিজয়ীরা কেন পরাজিতদের মতো আচরণ করবে?”
শামারুহ মির্জার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ ভিন্নমতও প্রকাশ করছেন।
তবে আলোচিত ডকুমেন্টারির বিষয়বস্তু কিংবা শামারুহ মির্জার মন্তব্য নিয়ে সংশ্লিষ্ট নির্মাতা বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।