Sunday, August 9, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ


ছবিঃ বৈঠকে ১১ দলীয় জোটের শরিক দলের নেতারা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে জোটের রাজনৈতিক সমন্বয়, পারস্পরিক বোঝাপড়া এবং রাষ্ট্রপতি নির্বাচনসহ পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।

এর আগে দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকের মূল আলোচ্য ছিল রাষ্ট্রপতি নির্বাচনে জোটের পক্ষ থেকে একজন প্রার্থী চূড়ান্ত করা। পাশাপাশি রাজনৈতিক সমঝোতা আরও জোরদার করা এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অংশ নেন। বৈঠকে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জোটের রাজনৈতিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে ১১ দলীয় জোট তাদের অবস্থান স্পষ্ট করল। এখন নির্বাচনী প্রক্রিয়ায় জোটের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক অঙ্গনের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন