Sunday, August 9, 2026

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠনের পরিকল্পনা এনসিপির, আগস্টেই আরও ১০০ প্রার্থী


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শুরু হওয়া এ সভা চলে রাত ৯টা পর্যন্ত। এতে জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্ব অংশ নেন। দীর্ঘ সময়ের এ মতবিনিময়ে মাঠপর্যায়ের সাংগঠনিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভা শেষে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম দলের পরবর্তী সাংগঠনিক পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটের কমিটি পুনর্গঠন করা হবে। একই সঙ্গে আগস্ট মাসের মধ্যেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে।

সারজিস আলম জানান, এনসিপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়াতে প্রতিটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা আয়োজন করা হবে। মাঠপর্যায়ে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় পর্যায়ে এককভাবে নির্বাচনের প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে প্রতিটি জেলার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু হবে।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা আরও জানান, সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। দ্রুত দেশের প্রতিটি ঘরে দলের একজন করে সদস্য গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ করা হবে।

দলটির নেতারা মনে করছেন, জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় এবং কমিটি পুনর্গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামো আরও সক্রিয় হবে। পাশাপাশি স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষণার প্রক্রিয়া শুরু হলে মাঠপর্যায়ে এনসিপির রাজনৈতিক তৎপরতাও আরও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন