- ৩০ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক দলভিত্তিক কতটি মামলা দায়ের হয়েছে এমন নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।
সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার এক প্রশ্নে জানতে চান, পূর্ববর্তী সরকারের আমলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল এবং সেগুলো প্রত্যাহারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, মামলার এজাহারে সাধারণত অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। ফলে দলভিত্তিকভাবে কতটি মামলা হয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এ কারণে এ সংক্রান্ত কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তবে তিনি বিএনপির তথ্যের উদ্ধৃতি দিয়ে জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইনমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো পর্যালোচনার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গত ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। পরে ৮ মার্চ কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি নিজেই।
তিনি বলেন, জেলা পর্যায় থেকে প্রাপ্ত সুপারিশ যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংসদে এ বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক মামলার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।