Thursday, April 30, 2026

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের পরিকল্পনা


ছবিঃ সংবাদ সম্মেলনে কথা বলছেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ এবং শেষ পর্যায়ে রাজধানীতে মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, বিভাগীয় সমাবেশের পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও নেওয়া হয়েছে। তিনি জানান, জোটভুক্ত দলগুলো নিজ নিজ ব্যানারেও সেমিনার, বিক্ষোভ ও সমাবেশসহ পৃথক কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে এবং শিক্ষার্থীদের সচেতন করতে জোটের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণভোটের রায় বাস্তবায়নে মাঠের আন্দোলন অব্যাহত থাকবে এবং রাজনৈতিক ও সাংসদীয় উভয় ক্ষেত্রেই তা জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা। তারা আন্দোলনে দেশবাসীর সমর্থন ও অংশগ্রহণ কামনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন