Monday, September 14, 2026

রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি


ছবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু হতে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে বিভিন্ন বিভাগের পরীক্ষায় এ পদ্ধতি প্রয়োগ করা হবে। এর মাধ্যমে পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের প্রতিনিধিদের কাছে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক পরিচালক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম সংশ্লিষ্ট ছয় বিভাগের প্রতিনিধিদের হাতে কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা উত্তরপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেবেন।

প্রাথমিক পর্যায়ে এ পদ্ধতির আওতায় আসছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যেই কোডিং ব্যবস্থা চালু করা হচ্ছে। এ পদ্ধতিতে উত্তরপত্রে শিক্ষার্থীর নাম বা পরিচয় সরাসরি দৃশ্যমান থাকবে না। এর পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরিচয় জানতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের জন্য প্রয়োজনীয় কোডিং করা উত্তরপত্র প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, যেসব বিভাগের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, তাদের পরীক্ষার সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে কোডিং করা উত্তরপত্র সরবরাহ করা হবে। ইতোমধ্যে ছয়টি বিভাগ তাদের পরীক্ষার তারিখ জানিয়েছে। তাই মঙ্গলবার ওই বিভাগগুলোর জন্য প্রস্তুত করা উত্তরপত্র সরবরাহ করা হবে।

উপাচার্যের ভাষ্য, ছয়টি বিভাগের উত্তরপত্র সরবরাহের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হবে। নতুন এ ব্যবস্থার ফলে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও বাড়বে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে পরীক্ষার ফলাফল প্রণয়ন প্রক্রিয়ার প্রতি শিক্ষার্থীদের আস্থাও বাড়বে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ধাপে ধাপে অন্যান্য বিভাগের পরীক্ষাতেও এ পদ্ধতি কার্যকর করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন