Tuesday, September 15, 2026

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে আবেদন ১৩ হাজার ৬৭৭, ফল প্রকাশ চলতি সপ্তাহেই


প্রতীকী ছবিঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় অনলাইনে আবেদন গ্রহণ বন্ধ করা হয়। এবার বদলির জন্য মোট ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক আবেদন করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে বদলির ফল প্রকাশ করা হবে।

মাউশি সূত্রে আরও জানা যায়, আবেদন গ্রহণ শেষ হওয়ার পর এখন বদলির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকদের বদলির প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের। তবে এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, শিক্ষামন্ত্রী সোমবার দেশে ফিরছেন। তাঁর সঙ্গে আলোচনা করে শিক্ষকদের বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি সপ্তাহেই বদলি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন। তিনি উদ্বোধন না করলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উদ্বোধন করতে পারেন।

সূত্রের ভাষ্য, একটি বোতাম চাপার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বদলি কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করলে তাঁর সময়সূচির সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হবে। এতে কার্যক্রম কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী উদ্বোধন করলে চলতি সপ্তাহের শেষ নাগাদ বদলির ফল প্রকাশ বা কার্যক্রম এগিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষকদের বদলির সার্বিক বিষয় নিয়ে দ্রুত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বদলি কার্যক্রমের পরবর্তী ধাপ, সময়সূচি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সংশ্লিষ্টদের তা জানিয়ে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে বদলির সুযোগ নিয়ে আগ্রহ ছিল। এবার আবেদন গ্রহণ শেষ হওয়ায় এখন তাঁদের অপেক্ষা ফল প্রকাশের জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তের পরই বদলির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন