Thursday, August 27, 2026

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম


ছবিঃ প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নেন আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম খন্দকার। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কারাবন্দি নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহ আলম খন্দকার প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নিয়েছেন। আদালতের অনুমতিতে কয়েক ঘণ্টার জন্য মুক্তি পাওয়া শাহ আলমকে পুলিশি পাহারায় হাতকড়া পরা অবস্থায় জানাজায় উপস্থিত হতে দেখা যায়।

মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া জামে মসজিদ মাঠে তার মা হালিমা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শাহ আলম খন্দকার উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে মারা যান ৭৫ বছর বয়সী হালিমা বেগম। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে শাহ আলমকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে আদালতে আবেদন করা হলে আদালত পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় শাহ আলমকে গ্রামের বাড়িতে আনা হয়। জানাজা শেষে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মায়ের জন্য দোয়া কামনা করেন।

আবেগঘন কণ্ঠে শাহ আলম বলেন, কারাগারে থাকায় মায়ের শেষ সময়ে পাশে থাকতে পারেননি, যা তার জীবনের সবচেয়ে বড় কষ্ট। তিনি উপস্থিত সবার কাছে মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য শাহ আলমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে বিকেল চারটার দিকে তাকে আবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, একটি সহিংসতার মামলায় গ্রেপ্তারের পর থেকেই শাহ আলম কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিয়েই তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন