Wednesday, July 1, 2026

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের


ছবিঃ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শহীদদের স্মরণ, আহত ও পঙ্গুদের পরিবারের সঙ্গে মতবিনিময়, আলোচনা সভা, গণমিছিল ও সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণঅভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুদের পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরে পৃথক আলোচনা সভার আয়োজন করা হবে।

এ ছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে একই ধরনের স্মরণমূলক কর্মসূচি পালন করবে দলটি। আগামী ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিলের আয়োজন করা হবে। ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে। আর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলীয় উদ্যোগে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগ ও ছাত্রসংগঠনও নিজস্ব কর্মসূচি পালন করবে। পাশাপাশি জুলাই-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও ফোরামের কর্মসূচিতেও দলটির অংশগ্রহণ থাকবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে তিনটি প্রধান দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত। এর মধ্যে রয়েছে—গণঅভ্যুত্থানের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, কার্যকর রাজনৈতিক ও সাংবিধানিক পদক্ষেপ প্রয়োজন। সেই লক্ষ্যেই দলটি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন