Wednesday, July 1, 2026

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে: এনসিপির আহ্বায়ক নাহিদের আলটিমেটাম


ছবিঃ গণকবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এটি চালু না হলে সাধারণ মানুষ নিজেরাই জাদুঘরে প্রবেশ করবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। এসব মামলার কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায়ের ভিত্তিতে আইনগত ব্যবস্থা কার্যকর করার দাবিও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা হাসানুল হক ইনুর একটি মামলার রায় প্রসঙ্গেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঘোষিত সাজা অপরাধের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে এনসিপি মনে করে। রাষ্ট্রপক্ষের আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি নিশ্চিত হবে বলে তাদের প্রত্যাশা।

সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণ যথেষ্ট নয়। গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদ, গণভোটের রায় এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগ দৃশ্যমান হতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ঘিরে এখনো সরকারি কর্মসূচি ঘোষণা না হওয়ায়ও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি আশা করেন, সরকার দ্রুত এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করবে এবং গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন