Saturday, July 25, 2026

পশ্চিম তীরে সংঘর্ষে ৪ ফিলিস্তিনি নিহত, নিহত এক ইসরায়েলি বসতিস্থাপনকারীও


ছবিঃ অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে শুক্রবার নিহত চার ফিলিস্তিনির একজনের পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েছেন (সংগৃহীত । আল জাজিরা /এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল (Tal) শহরে ইসরায়েলি সেনা ও বসতিস্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (২৪ জুলাই) সংঘর্ষের এ ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই ঘটনায় এক ইসরায়েলি বসতিস্থাপনকারী নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা।

স্থানীয় সূত্রের দাবি, তাল শহরের পূর্বাংশে কয়েক ডজন সশস্ত্র ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করে দুটি বাড়িতে হামলার চেষ্টা চালায়। বাসিন্দারা বাধা দিলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কিছু সময় পর তারা আবার শহরের অন্য একটি এলাকায় ফিরে এসে হামলা চালায়। এ সময় এক শিশুও আহত হয় বলে স্থানীয়দের অভিযোগ।

তাল এলাকার স্থানীয় ফাতাহ নেতা ইসাম সাইফি জানান, প্রথম হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছে বসতিস্থাপনকারীদের সঙ্গে যৌথভাবে গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ভিন্ন। তাদের ভাষ্য, নিকটবর্তী একটি এলাকায় ইসরায়েলিদের ওপর হামলার খবর পেয়ে সেনারা সেখানে যায়। সেনাবাহিনীর অভিযোগ, এক ফিলিস্তিনি নিরাপত্তাকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়।

সংঘর্ষের পর নাবলুস ও তাল শহর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবরোধের কারণে আহতদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে একে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন বসতিস্থাপনকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছেন। তিনি পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক আহ্বান করেছেন বলে জানা গেছে।

এদিকে দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ তাল ও আশপাশের এলাকায় কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, বসতিস্থাপনকারীরাই ইসরায়েলের নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি এবং তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক এই সংঘর্ষের পর পশ্চিম তীরে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন