Saturday, October 10, 2026

প্রশ্নফাঁসে কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই, নতুন পরীক্ষার দাবি ছাত্রদলের


প্রতীকী ছবিঃ ছাত্রদল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দ্রুত নতুন প্রশ্নপত্রে নিয়োগ পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছে তারা।

শনিবার (১০ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তকে যথাযথ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। অতীতে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে প্রবণতা ছিল, তা থেকে বেরিয়ে আসা জরুরি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছাত্রদলের বিবৃতিতে আরও বলা হয়, প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় দায়ীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার বিকল্প নেই। পাশাপাশি ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিবৃতিতে বলেন, লক্ষাধিক চাকরিপ্রার্থী ঢাকায় এসে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়ার পর শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েছেন। এতে পরীক্ষার্থীদের আর্থিক ব্যয়, শারীরিক কষ্ট ও মানসিক চাপ তৈরি হয়েছে।

তাঁরা বলেন, চাকরিপ্রার্থীদের এই দুর্ভোগের বিষয়ে ছাত্রদল সহমর্মী। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে ভবিষ্যতে যেকোনো উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন