Monday, June 15, 2026

প্রিন্স যাদবের রহস্যময় মৃত্যু: ভারতের শিক্ষক খান স্যারকে ঘিরে তেজ প্রতাপের বিস্ফোরক অভিযোগ


ফাইল ছবিঃ খান স্যার (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক | PNN 

ভারতের বিহারে আলোচিত শিক্ষক ও ইউটিউবার খান স্যারকে ঘিরে আবারও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পাটনায় তার কোচিং সেন্টারের সামনে সংঘটিত সহিংসতার মামলার এক অভিযুক্ত প্রিন্স যাদবের রহস্যজনক মৃত্যুর পর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জনশক্তি জনতা দলের প্রতিষ্ঠাতা তেজ প্রতাপ যাদব।

নেপালের বিরাটনগরের একটি হোটেলে প্রিন্স যাদবের মরদেহ উদ্ধারের খবর প্রকাশ্যে আসার পর তেজ প্রতাপ দাবি করেন, ঘটনাটির পেছনে খান স্যারের ভূমিকা থাকতে পারে। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, সত্য উদঘাটনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

তেজ প্রতাপের অভিযোগ, প্রিন্সের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং এর পেছনের কারণ খুঁজে বের করা জরুরি। তিনি খান স্যারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। তবে এসব অভিযোগের পক্ষে তিনি প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

গত ২ জুন পাটনার কদমকুয়ান এলাকায় অবস্থিত খান গ্লোবাল স্টাডিজের সামনে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রিন্স যাদবের নামও ছিল। ঘটনার পর তিনি বিহার ছেড়ে নেপালে চলে যান বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

সহিংসতার ঘটনার পর অভিযোগ ওঠে, কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়েছিলেন। এ ঘটনায় খান স্যার ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে খান স্যারের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, হামলাকারীদের প্রতিহত করতে এবং আত্মরক্ষার স্বার্থেই নিরাপত্তাকর্মীরা পদক্ষেপ নিয়েছিলেন।

অন্যদিকে, প্রিন্স যাদবের ভাই ও একটি কোচিং প্রতিষ্ঠানের পরিচালক রৌশান আনন্দের নামও ওই সহিংসতার ঘটনায় উঠে এসেছে। এর আগে খান স্যার প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে হামলার সঙ্গে রৌশান আনন্দের সম্পৃক্ততা থাকতে পারে।

এদিকে প্রিন্স যাদবের মৃত্যুর প্রকৃত কারণ জানতে নেপালের আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় কারও সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন