- ০৮ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। কর্মসূচির অংশ হিসেবে মিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার রাজধানীর মিরপুর এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব।
কর্মসূচির আওতায় মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আদর্শ গার্লস স্কুল এবং এমডিসি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে রাজনৈতিক দলের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং এটিকে সচেতনতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এর আগে শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা সময়ের দাবি। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দূষণ, অবৈধ দখল ও পরিবেশগত সংকট থেকে রাজধানীকে মুক্ত করে একটি বাসযোগ্য নগর গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ জন্য পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুগ্ম সদস্য সচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যরা অংশ নেন এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণে সহযোগিতা করেন।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।