- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সাংগঠনিক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সালাউদ্দিন তানভীর। এর আগে জেলা প্রশাসক নিয়োগে প্রভাব বিস্তার এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজকে কেন্দ্র করে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের এপ্রিলে তাকে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। হবিগঞ্জসহ সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা ও বাধার ঘটনার কথা উল্লেখ করে তিনি ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে পোস্টটি সরিয়ে নিলেও এর স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর শুক্রবার রাতেই এনসিপি তাকে সাময়িক অব্যাহতি দেয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
এনসিপির প্রকাশিত চিঠিতে বলা হয়, সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না কেন, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ওঠার পর সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। ওই অভিযোগগুলো প্রমাণিত না হওয়ায় প্রায় এক বছর পর চলতি বছরের ১৬ এপ্রিল তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।
দলে ফেরার প্রায় সাড়ে তিন মাসের মাথায় নতুন অভিযোগে আবারও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন তিনি।
এদিকে এনসিপির পক্ষ থেকে অব্যাহতির চিঠি প্রকাশের সময়ের কাছাকাছি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন তানভীর তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দলীয় শৃঙ্খলা কমিটিতে তার ব্যাখ্যা ও তথ্য-প্রমাণ জমা দেওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে এনসিপি সূত্র জানিয়েছে।