Saturday, October 10, 2026

প্রবাস থেকে দেশে ফেরা হলো না, মাঝআকাশে প্রাণ হারালেন জসিম


ফাইল ছবিঃ মোহাম্মদ জসিম উদ্দিন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে মারা গেছেন মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসী। শুক্রবার (৯ অক্টোবর) মাপুতো থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও স্বজনদের কাছে আর ফেরা হলো না তাঁর।

জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বান্ডুবর বাড়ির ছৈয়দ মিয়ার ছেলে। তিনি চার ভাই ও চার বোনের মধ্যে ষষ্ঠ। দেশে তাঁর মা-বাবা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন।

পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে মোজাম্বিকের রাজধানী মাপুতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন জসিম। কাতার এয়ারওয়েজের কিউআর ১৩৭৬ ফ্লাইটে তাঁর দোহা যাওয়ার কথা ছিল। সেখান থেকে যাত্রাবিরতি শেষে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তাঁর। তবে দোহা বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিমানের মধ্যে তাঁর মৃত্যু হয়।

জসিমের বড় ভাই মো. ইউসুফ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই ফ্লাইটে জসিমের পাশের আসনে থাকা তাঁর এলাকার বাসিন্দা মহিব উল্লাহও এ তথ্য জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, জসিম আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। গত বছর বাংলাদেশে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হলে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে চলতি বছরের এপ্রিলে আবার মোজাম্বিকে ফিরে যান তিনি। সেখানে প্রায় ছয় মাস ব্যবসা করার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তাঁর শেষ যাত্রা।

জসিম ২০১৬ সালে জীবিকার সন্ধানে মোজাম্বিকে পাড়ি জমান। সেখানে তাঁর চার ভাই ব্যবসা করতেন। ২০২১ সালের ৭ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে তাঁর ভাই মো. ইদ্রিস মারা যান। বর্তমানে তাঁর বড় ভাই মোহাম্মদ ইউনুস ও ছোট ভাই ফেরদৌস উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো কুরুমানায় বসবাস করছেন।

জসিমের মৃত্যুর খবরে দেশে থাকা স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কাছে ফেরার অপেক্ষায় থাকা এই প্রবাসীর এমন পরিণতিতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর বেদনা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন