- ৩০ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগ রাখা হলেও মেয়েদের অংশগ্রহণের বিষয়টি আপাতত ঐচ্ছিক রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রতিযোগিতাটি আয়োজন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে বালক ও বালিকা দুই বিভাগেই খেলা হবে। তবে মাদ্রাসা এবং স্কুল-কলেজের বালিকা শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। তারা ইচ্ছা করলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, আবার না চাইলেও বাদ দিতে পারবে।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষাক্ষেত্রে খেলাধুলার প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং এটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাও সরকারের অন্যতম লক্ষ্য।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াক্ষেত্রে শক্ত অবস্থান তৈরি করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালু করা হবে, যাতে বিভিন্ন ক্ষেত্রে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকাশের সুযোগ পায়।
তিনি জানান, নারী ক্রীড়াবিদদের জন্য নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো, স্পোর্টস ইকোনমির সম্প্রসারণ, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে দক্ষ ও সুস্থ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সরকারের পরিকল্পনার অংশ।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার উদ্বোধনের সময় নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে প্রস্তুতি শেষ করা সম্ভব হয়নি। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা কার্যক্রমও এখনো শেষ হয়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগামী ৯ আগস্ট প্রতিযোগিতার উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরের ৯ অথবা ১০ তারিখে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।