- ০৪ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত—এমন সহজ সমীকরণ সামনে নিয়েই মাঠে নেমেছিল ইন্টার মিলান। তবে কোনো হিসাব-নিকাশে না গিয়ে জয়ের মধ্য দিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা। পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সিরি ‘আ’ শিরোপা নিশ্চিত করেছে মিলান ক্লাবটি।
রোববার (৩ মে) সিরি আ-এর ম্যাচে ঘরের মাঠ সান সিরোতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার। প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে আসা বল নিয়ন্ত্রণ করে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন মার্কাস থুরাম।
দ্বিতীয়ার্ধে পার্মা ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইন্টারের রক্ষণ ভাঙতে পারেনি। বরং ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান। তার গোলে জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি শিরোপাও নিশ্চিত হয়ে যায়।
এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে যায় ইন্টার, যেখানে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। ফলে শেষ পর্যন্ত আর কোনোভাবেই তাদের শীর্ষস্থান হারানোর সম্ভাবনা নেই।
ইতালির শীর্ষ লিগে এটি ইন্টার মিলানের ২১তম শিরোপা। সর্বোচ্চ ৩৬টি শিরোপা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জুভেন্টাস। ১৯টি শিরোপা নিয়ে তৃতীয় স্থানে আছে এসি মিলান।
শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো থেকে শুরু করে পুরো মিলান শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ক্লাবের সমর্থকেরা রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
ম্যাচ শেষে দলের অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, কঠিন সময় পেরিয়ে এই সাফল্য এসেছে। তিনি জানান, আগের মৌসুমের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে শুরু করাটাই ছিল বড় চ্যালেঞ্জ, আর সেটিই দলকে এই অবস্থানে নিয়ে এসেছে।