Tuesday, May 5, 2026

কুমিল্লায় আটক বিএনপি নেতা রেজাউল কাইয়ুম ১২ ঘণ্টা পর মুক্ত


ছবিঃ থানা থেকে বের হওয়ার পর কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কুমিল্লা 

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে তাকে আটক করা হলেও দিবাগত রাত ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে উপজেলা বিএনপির নেতাদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। উচ্চপর্যায়ের নির্দেশে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা শাখার সদস্যরা শহরের শাসনগাছা এলাকা থেকে তাকে হেফাজতে নেয়। পরে থানায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, অভিযোগগুলোর সত্যতা না পাওয়ায় রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তাকে মুক্তি দেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

আটকের ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করে শাসনগাছা এলাকায়। রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে তার অনুসারীরা বাস টার্মিনাল এলাকায় অবরোধ সৃষ্টি করলে কয়েক ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে পড়ে। পরে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুক্তি পাওয়ার পর রেজাউল কাইয়ুম অভিযোগ করে বলেন, তাকে একটি মহল পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।

পুলিশের একটি সূত্র জানায়, মুক্তির আগে তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে, যেখানে তিনি এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন