Thursday, October 8, 2026

অস্ট্রেলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঢাবির সাবেক ছাত্রী তাসনিম ঐশি নিহত


প্রতীকী ছবিঃ দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে ঝোপঝাড়ের মধ্য পড়ে যায় (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের পার্থে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফাইন্যান্স বিভাগের সাবেক ছাত্রী তাসনিম ঐশি নিহত হয়েছেন। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে পার্থের ইন্ডিয়ান ওশান ড্রাইভের সিবার্ড রোডের সংযোগস্থলের কাছে ব্রেটন বে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ঝোপঝাড়ের মধ্যে পড়ে যায়।

জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির ধ্বংসাবশেষের ভেতর থেকে তাসনিম ঐশিকে উদ্ধার করেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে গুরুতর আহত অবস্থায় আটকা পড়েছিলেন। পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশি শিক্ষার্থী বলে জানা গেছে। আহতদের মধ্যে চালকসহ দুজনের বয়স ২১ বছর বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী দল। উদ্ধার তৎপরতায় একটি হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি ব্যবহার করতে হয়নি।

তাসনিমের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অস্ট্রেলিয়ার এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় তিন মাস আগে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। নতুন দেশে পড়াশোনা শুরুর অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

পার্থে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ হিল বাকী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবর জানিয়ে তাসনিমের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা চারজনই বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। আহত লাবিব, ঈশিতা ও বিপুলের বিষয়ে পরিচিতদের দ্রুত খোঁজ নেওয়ার আহ্বানও জানান তিনি।

তাসনিমের মরদেহ বর্তমানে রয়্যাল পার্থ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন