Wednesday, July 8, 2026

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটারের জন্য থাকছে বিলাসবহুল গাড়ি


ছবিঃ গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিসিবি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত ক্রিকেটার পাবেন একটি বিলাসবহুল গাড়ি।

মঙ্গলবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি–র সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর এ তথ্য জানান বিসিবি সভাপতি  তামিম ইকবাল

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে মূল্যবান পারফরমারকে গাড়ি উপহার দেবে চেরি। তিনি মনে করেন, আন্তর্জাতিক মানের বড় ব্র্যান্ডের বিসিবির সঙ্গে যুক্ত হওয়া দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

তামিম আরও বলেন, গত কয়েক বছরে বিসিবির ভাবমূর্তি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও এখন আবার বড় প্রতিষ্ঠানগুলো ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক সম্ভাবনাও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি স্মৃতিচারণও করেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল গাড়ি পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি।

বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। সেই সিরিজ শেষেই সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। সিরিজটিকে ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন