- ১২ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ–কে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগার শিরোপা জিতেছে এফসি বার্সেলোনা। রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে কাতালানরা। এটি ক্লাবটির ইতিহাসে ২৯তম লা লিগা ট্রফি।
শিরোপা নিশ্চিত হওয়ার পর সোমবার বার্সেলোনা শহরে শুরু হয় বর্ণিল উদযাপন। ছাদখোলা বাসে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ফুটবলাররা। লাখো সমর্থকের উপস্থিতিতে পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শিরোপা উৎসবে প্রায় সাত লাখ ৫০ হাজার সমর্থক অংশ নেন। রাস্তাজুড়ে বার্সেলোনার পতাকা, স্লোগান ও উদযাপনে মুখর হয়ে ওঠে শহর।
উদযাপনের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল তরুণ তারকা Lamine Yamal–এর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়া। বাসের ওপরে দাঁড়িয়ে তিনি সমর্থকদের উদ্দেশে পতাকা নাড়ান। এছাড়া একপর্যায়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে লেখা একটি প্ল্যাকার্ডও হাতে তুলতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ইয়ামালের সেই ছবি ও ভিডিও। অনেক সমর্থক এটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে ফুটবলের বাইরেও মানবিক বার্তার প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন।
শিরোপা উদযাপন নিয়ে বার্সেলোনা ক্লাব এক বিবৃতিতে জানায়, সমর্থকদের আবেগ ও ভালোবাসায় শহরের রাস্তাগুলো নীল-লাল রঙে রূপ নিয়েছিল। ক্লাবটি আরও জানায়, দলের এই সাফল্য ইতিহাসের নতুন অধ্যায় তৈরি করছে এবং সমর্থকদের সঙ্গে এমন উদযাপন সেই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
এ মৌসুমে বার্সেলোনার ধারাবাহিক পারফরম্যান্স এবং তরুণ খেলোয়াড়দের উত্থান দলটিকে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।