Saturday, May 2, 2026

ন্যূনতম মজুরি ঘোষণা ও গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতের দাবি সিপিবির


ছবিঃ বাংলাদেশ গৃহশ্রমিক ইউনিয়নের সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, কৃষক ও খেতমজুরদের বেঁচে থাকার অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন এলাকায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘বাংলাদেশ গৃহশ্রমিক ইউনিয়ন’ কেন্দ্রীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে ও বিদেশে কর্মরত গৃহশ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তিনি গৃহশ্রমিকদের জন্য ঘোষিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান নিশ্চিত করা এবং তাদের কাজের স্বীকৃতি আদায় করা। কাগজে-কলমে স্বীকৃতি থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই শ্রম আইনের অধীনে প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা বলেন, গৃহশ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা এখনো উপযুক্ত সুরক্ষা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। তাই তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক লুনা নুর। এছাড়া গৃহশ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না আক্তার, সাধারণ সম্পাদক আফরোজ আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরানা পল্টন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন