- ৩০ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনয় ও সংগীতশিল্পী পার্ক জিহুন নতুন সিনেমা ও সংগীত প্রকাশের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তাঁর অভিনীত ‘দ্য কিংস ওয়ার্ডেন’ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তির পর নতুন করে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তিনি।
সিনেমাটিতে পার্ক জিহুন ক্ষমতাচ্যুত এক রাজার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি চলতি বছরের ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শকপ্রিয়তা পেলেও অনলাইন প্ল্যাটফর্মে আসার পর এটি আবারও আলোচনায় জায়গা করে নেয়।
অভিনয়ের পাশাপাশি সংগীতেও সমান জনপ্রিয় পার্ক জিহুন দীর্ঘ তিন বছর বিরতির পর নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। ‘রিফ্লেক্ট’ শিরোনামের এই একক অ্যালবামটি আজ প্রকাশিত হয়, যা তার সংগীতজগতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ২০২৩ সালের এপ্রিলে তিনি ‘ব্ল্যাঙ্ক অর ব্ল্যাক’ নামের ইপি প্রকাশ করেছিলেন। এরপর তিনি সংগীত থেকে বিরতি নিয়ে অভিনয়ে বেশি মনোযোগ দেন। এই সময়ের মধ্যে তার অভিনীত প্রকল্পগুলো দর্শকমহলে ভালো সাড়া ফেলে।
নতুন অ্যালবাম ‘রিফ্লেক্ট’-এ মোট তিনটি গান রয়েছে। এর মধ্যে মূল গান ‘বডিএলস’ একটি মিড-টেম্পো পপ-ড্যান্স ট্র্যাক, যেখানে সাধারণ অনুভূতির ভেতরে লুকিয়ে থাকা আবেগ তুলে ধরা হয়েছে। অন্য গান ‘ওয়াটারকালার’-এ হালকা সুরের সঙ্গে আবেগঘন পরিবেশ তৈরি করা হয়েছে। তৃতীয় গান ‘আই ক্যান’ট হোল্ড ইয়োর হ্যান্ড অ্যানিমোর’ একটি অ্যাকুস্টিক গিটারভিত্তিক পপ ব্যালাড।
পার্ক জিহুনের সংগীতযাত্রা শুরু হয় ২০১৭ সালে একটি প্রতিযোগিতামূলক রিয়েলিটি শোয়ের মাধ্যমে, পরে তিনি জনপ্রিয় বয় ব্যান্ডের সদস্য হিসেবেও পরিচিতি পান।
নতুন অ্যালবাম প্রকাশের পাশাপাশি তিনি ‘রিফ্লেক্ট’ নামেই একটি ফ্যান কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। কনসার্টটি আগামী ২৩ মে টোকিওতে এবং ৩০ ও ৩১ মে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হবে।
নতুন সিনেমা ও সংগীত দুই মাধ্যমেই সক্রিয় হয়ে পার্ক জিহুন আবারও আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নিজের অবস্থান শক্ত করছেন।