- ৩০ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পাচ্ছে ব্যান্ড Ashes এর বহুল প্রতীক্ষিত গান ‘ফেরিওয়ালা’। আজ সন্ধ্যা ছয়টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিওচিত্র উন্মুক্ত করা হবে।
গানটি নিয়ে ভক্তদের অপেক্ষা প্রায় এক দশকের। ২০১৬ সালে ব্যান্ডটির ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান সামাজিক মাধ্যমে আংশিক লিরিক শেয়ার করলে প্রথমবারের মতো গানটির আভাস পাওয়া যায়। এরপর ২০১৯ সালে ইউটিউবে একটি ডেমো প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ সংস্করণ দীর্ঘদিন ধরে প্রকাশ পায়নি।
সময়ের সঙ্গে সঙ্গে গানটি নিয়ে শ্রোতাদের আগ্রহ বাড়তে থাকে। ইউটিউবের মন্তব্যে বছরের পর বছর ধরে ভক্তরা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন। কেউ কয়েক বছর ধরে গানটির জন্য অপেক্ষার কথা লিখেছেন, আবার কেউ ব্যক্তিগত স্মৃতির সঙ্গে গানটির আবেগ জড়িয়ে থাকার কথাও উল্লেখ করেছেন।
অবশেষে সেই অপেক্ষার ইতি টানছে ‘ফেরিওয়ালা’। জানা গেছে, অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে গানটি প্রকাশিত হচ্ছে। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান নিজেই। ভিডিওচিত্র ধারণ করা হয়েছে কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে। এছাড়া গানটি নতুনভাবে রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেন শিল্পী।
জুনায়েদ ইভান বলেন, গানটি অনেক আগের সৃষ্টি হলেও প্রকাশে এত সময় লাগবে, তা তিনি কল্পনাও করেননি। দীর্ঘদিন ধরে শ্রোতাদের আগ্রহ ও প্রতিক্রিয়া তাদের অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।
গানটির প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, যা ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।