- ২২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের অর্থনীতি, চলমান সংস্কার কার্যক্রম এবং সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার উদ্দেশ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে। ১৬ জুলাই পর্যন্ত চলা এই সফরে সরকারের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করবে সংস্থাটির প্রতিনিধিরা।
জানা গেছে, আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বে আসা প্রতিনিধি দল সফরকালে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসবে। এসব বৈঠকে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আহরণ, ব্যাংকিং খাতের সংস্কার, বাজেট বাস্তবায়ন এবং নতুন অর্থায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সফরের প্রথম দিনই অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের সূচি রয়েছে। প্রথম বৈঠকে রাজস্বনীতি, জাতীয় বাজেট, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়নের কৌশল এবং সরকারের আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা হবে।
পরবর্তী বৈঠকে গুরুত্ব পাবে নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের আর্থিক প্রভাব। চলতি অর্থবছরের বাজেটে ঘোষিত এই বেতন কাঠামো বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। ফলে অতিরিক্ত এই ব্যয় কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে আগ্রহী আইএমএফ।
বিশেষ করে বর্তমান রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারের ব্যয় ব্যবস্থাপনা ও অর্থায়ন সক্ষমতা নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া পূর্ববর্তী ঋণ কর্মসূচির পরিবর্তে নতুন সংস্কারভিত্তিক কর্মপরিকল্পনা, ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন এবং এসব উদ্যোগ বাস্তবায়নে সম্ভাব্য নতুন ঋণ সহায়তার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যৎ ঋণ সহায়তার পাশাপাশি অর্থনৈতিক সংস্কার কর্মসূচির গতি এবং সরকারের আর্থিক নীতির প্রতি আইএমএফের মূল্যায়ন দেশের সামষ্টিক অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।