Saturday, July 11, 2026

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, বন্ধ সরাসরি যোগাযোগ


ছবিঃ রাঙামাটি-বান্দরবান সড়কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় সেতু ভেঙে গেছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর দুই প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন, আর দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় সেতুটি ভেঙে পড়ে। এর আগে রাতভর ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে পাশের একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে পানির তীব্র চাপে সেতুর একটি অংশ ধসে যায়।

সেতু ভেঙে যাওয়ার পর থেকে রাঙামাটি-বান্দরবান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী, রোগী এবং জরুরি কাজে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রীকে সড়কের দুই পাশে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

যদিও সেতুটি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে অবস্থিত, এটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বিভাগটির নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতুর ওপর এখনো পানি থাকায় প্রকৌশল দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পানি নেমে গেলে দ্রুত ক্ষয়ক্ষতি পরিদর্শন করে অস্থায়ীভাবে একটি বেইলি সেতু স্থাপনের মাধ্যমে যান চলাচল চালুর উদ্যোগ নেওয়া হবে।

তবে স্থায়ীভাবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি সড়ক বিভাগ।

এদিকে টানা বর্ষণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পাহাড়ি ঢল এবং সড়ক ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ সড়কে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন