Thursday, July 16, 2026

নোলানের মহাকাব্যিক ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আজ


ছবিঃ হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা মানেই বিশ্বজুড়ে দর্শকদের বাড়তি আগ্রহ। ‘ওপেনহাইমার’-এর সাফল্যের পর এবার তিনি ফিরেছেন প্রাচীন গ্রিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যকে বড় পর্দায় তুলে ধরার সাহসী উদ্যোগ নিয়ে। হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’ শুক্রবার (১৭ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

প্রায় তিন হাজার বছর আগে রচিত হোমারের মহাকাব্যকে আধুনিক চলচ্চিত্র ভাষায় রূপ দিয়েছেন নোলান। গল্পের কেন্দ্রে রয়েছে ট্রোজান যুদ্ধ শেষে নিজ রাজ্য ইথাকায় ফেরার পথে গ্রিক বীর ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল যাত্রা। যুদ্ধ শেষ হলেও তার জন্য অপেক্ষা করছিল আরও কঠিন এক লড়াই—উত্তাল সমুদ্র, অজানা দ্বীপ, রহস্যময় প্রাণী, দেব-দেবীর ক্রোধ এবং অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে প্রায় দুই দশক পর ঘরে ফেরার সংগ্রামই সিনেমাটির মূল উপজীব্য।

সিনেমায় ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলিম্যাকাস চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে, আর স্ত্রী পেনেলোপের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। এ ছাড়া ছবিতে রয়েছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি এবং জন বার্নথালসহ হলিউডের একাধিক জনপ্রিয় তারকা।

'দ্য ডার্ক নাইট' ট্রিলজি, 'ইনসেপশন', 'ইন্টারস্টেলার' এবং 'ওপেনহাইমার'-এর নির্মাতা ক্রিস্টোফার নোলান এই সিনেমাকে তাঁর চলচ্চিত্র জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, প্রতিটি চলচ্চিত্রই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, তবে হোমারের মতো একটি অমর মহাকাব্যকে বিশ্বস্ততা বজায় রেখে বড় পর্দায় তুলে ধরা ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।

ছবিটির শুটিং হয়েছে মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডসহ বিভিন্ন দেশে। বিশাল যুদ্ধের দৃশ্য, শত শত নৌযান, ঐতিহাসিক সেট এবং বৃহৎ পরিসরের অ্যাকশন দৃশ্য নির্মাণে দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন নির্মাতারা।

টেলিম্যাকাস চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, মরক্কোর সেটে প্রথম দিন পৌঁছে তাঁর মনে হয়েছিল তিনি যেন হাজার বছর আগের পৃথিবীতে চলে গেছেন। চারদিকে সৈন্য, যুদ্ধজাহাজ, বিশাল সেট এবং হাজারো শিল্পীর উপস্থিতি তাকে বাস্তব ইতিহাসের অংশ হওয়ার অনুভূতি দিয়েছিল।

অন্যদিকে ম্যাট ডেমন জানান, দীর্ঘ অভিনয় জীবনে এত বড় পরিসরের চলচ্চিত্র নির্মাণ খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্য ধারণের সময় চারদিকে আগুন, যুদ্ধ এবং শত শত শিল্পীর উপস্থিতি দেখে তিনি বিস্মিত হন। পরে জানতে পারেন, সেই বিশাল আয়োজন ছিল পুরো ছবির মাত্র একটি ফ্ল্যাশব্যাক দৃশ্যের অংশ।

প্রযুক্তিগত দিক থেকেও ‘দ্য ওডিসি’ বিশেষ গুরুত্ব বহন করছে। এটি নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নির্মাতার লক্ষ্য, দর্শকদের এমন এক সিনেমা দেখার অভিজ্ঞতা দেওয়া, যেখানে দৃশ্য, শব্দ ও গল্প একসঙ্গে তৈরি করবে বাস্তবতার এক অনন্য অনুভূতি।

বিশ্লেষকদের মতে, শক্তিশালী গল্প, আন্তর্জাতিক তারকাবহুল অভিনয়শিল্পী, ব্যতিক্রমী নির্মাণশৈলী এবং নোলানের সুনামের কারণে ‘দ্য ওডিসি’ ইতোমধ্যেই বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে। বিশ্বজুড়ে মুক্তির পাশাপাশি বাংলাদেশের দর্শকদের জন্যও একই দিনে ছবিটি বড় পর্দায় দেখার সুযোগ তৈরি হওয়ায় সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন