Saturday, October 10, 2026

নিউমুরিং টার্মিনাল চুক্তিতে চাকরি হারাবেন না বন্দরের কর্মীরা: বাণিজ্যমন্ত্রী


ছবিঃ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে ‘দেশ বিক্রি’র সঙ্গে তুলনা করার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির ফলে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং টার্মিনালের পরিচালন সক্ষমতা বাড়ার পাশাপাশি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির ফলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ হবে। এ চুক্তি নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বন্দরের সক্ষমতা বাড়লে সামগ্রিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মীদের পারিশ্রমিক বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অবস্থান নিয়েও কথা বলেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, দেশটির বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে।

এ সময় সিলেট থেকে কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি চালু হলে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি বিদেশে রপ্তানির নতুন সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে সিলেটের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর পথ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির বিষয়েও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যা দেশের গর্ব। এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন