Wednesday, February 25, 2026

নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিডা চেয়ারম্যান


ছবিঃ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশিক চৌধুরী। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আশিক চৌধুরী বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল সম্ভাব্য চুক্তির বিষয়ে এগোনো হবে। অন্তর্বর্তী সরকারের সময় যে নীতিগত অবস্থান ছিল, বর্তমান সরকারও সেই অবস্থান বহাল রেখেছে।

তিনি আরও জানান, টার্মিনাল পরিচালনা প্রশ্নে অর্থনৈতিক লাভ-ক্ষতি, নিরাপত্তা এবং কৌশলগত দিকগুলো সমন্বিতভাবে বিবেচনা করা হচ্ছে। সব পক্ষের মতামত নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপ ওয়ার্ল্ড–এর সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোয় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে টার্মিনাল পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। তবে এ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। 

২০০৭ সালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনালটি নির্মাণ করে। যন্ত্রপাতি স্থাপনসহ এতে মোট প্রায় ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করা হয়। বর্তমানে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড টার্মিনালটির পরিচালনার দায়িত্বে রয়েছে। ভবিষ্যতে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাপনাই বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বন্দর খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নিউমুরিং টার্মিনালের কার্যকর ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল হবে। তবে সিদ্ধান্ত গ্রহণে জাতীয় স্বার্থ, স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিচ্ছে সরকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন