Saturday, July 11, 2026

নিউইয়র্কে ইতিহাস গড়ল এসকে হাইনিক্স, শেয়ার বিক্রি করে তুলল ২৬.৫ বিলিয়ন ডলার


ছবিঃ শুক্রবার যুক্তরাষ্ট্রে এসকে হাইনিক্সের শেয়ারের লেনদেন শুরু হয়েছে (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক উত্থানের মধ্যেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নতুন ইতিহাস গড়েছে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স (SK Hynix)। নিউইয়র্কের নাসডাকে শেয়ার তালিকাভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি ২৬.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শেয়ার ইস্যুর রেকর্ড।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ১৭ কোটি ৭৯ লাখ আমেরিকান ডিপোজিটারি শেয়ার (ADS) প্রতিটি ১৪৯ ডলার দরে বিক্রি করেছে। লেনদেনের প্রথম দিনই বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহে শেয়ারটির দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

বিশ্বের অন্যতম শীর্ষ মেমোরি চিপ প্রস্তুতকারী এসকে হাইনিক্স বর্তমানে এআই চিপ নির্মাতা এনভিডিয়ার গুরুত্বপূর্ণ সরবরাহকারী। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসায়ও বড় ধরনের গতি এসেছে।

চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে এসকে হাইনিক্সের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর তিন গুণেরও বেশি বেড়েছে। এতে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে দেশটির প্রধান শেয়ারসূচক কসপিতেও উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, নাসডাকে তালিকাভুক্তির ফলে বিশ্বের বৃহত্তম পুঁজিবাজার থেকে সহজেই বিপুল পরিমাণ বিনিয়োগ সংগ্রহের সুযোগ পাবে এসকে হাইনিক্স। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এসকে হাইনিক্সের শেয়ার কেনার চাহিদা ছিল প্রস্তাবিত শেয়ারের সাত গুণেরও বেশি। এত বেশি আগ্রহের কারণে প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার বাজারদরের তুলনায় প্রায় ২.৯ শতাংশ বেশি দামে শেয়ার বিক্রি করতে সক্ষম হয়েছে, যা বড় আকারের শেয়ার ইস্যুর ক্ষেত্রে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন সংগ্রহ করা অর্থ দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক চিপ উৎপাদন কারখানা নির্মাণ, গবেষণা ও উন্নয়ন এবং এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে ব্যয় করা হবে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি জানিয়েছে, বিশ্বজুড়ে এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগ প্রযুক্তিনির্ভর অর্থনীতিগুলোকে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব থেকে অনেকটাই সুরক্ষা দিচ্ছে। সেই প্রেক্ষাপটে এসকে হাইনিক্সের এই সফল তালিকাভুক্তি বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে নতুন আস্থার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, এসকে হাইনিক্সের এই সাফল্য এআই খাতভিত্তিক অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারবাজারে আসার পথও আরও উন্মুক্ত করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন