- ১১ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
হলিউডের ইতিহাসে অন্যতম বড় করপোরেট একীভূতকরণকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় নতুন মোড় এসেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর প্যারামাউন্টের ১১০ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ প্রক্রিয়া সাময়িক স্থগিতের জন্য করা আদালতের আবেদন প্রত্যাহার করেছে।
শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ওরেগন ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায়, তদন্তে প্রয়োজনীয় নথিপত্র দিতে প্যারামাউন্ট অনাগ্রহ দেখিয়েছে। এ পরিস্থিতিতে আদালতের আবেদন প্রত্যাহার করে পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।
এর আগে ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডের কার্যালয় আদালতের কাছে ৬০ দিনের জন্য অধিগ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। তাদের দাবি ছিল, প্রতিযোগিতা ও নিয়ন্ত্রক অনুমোদন-সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে আরও সময় প্রয়োজন। একই সঙ্গে তদন্তের স্বার্থে কোম্পানির অভ্যন্তরীণ কিছু নথিও চাওয়া হয়েছিল।
তদন্তের অংশ হিসেবে ওরেগন কর্তৃপক্ষ বিশেষভাবে ‘প্রজেক্ট ওয়ারিয়র’ নামে পরিচিত একটি অভ্যন্তরীণ প্রকল্পের নথি সংগ্রহ করতে চেয়েছিল। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের আওতায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার কৌশল নির্ধারণ করা হয়েছিল। এছাড়া ট্রাম্প প্রশাসনের কাছে একীভূতকরণে সমর্থন আদায়ের জন্য কোনো ধরনের লবিং করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখতে চায় অঙ্গরাজ্যটি।
অন্যদিকে প্যারামাউন্ট আদালতের আবেদন প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, প্রস্তাবিত একীভূতকরণ আইনসম্মত এবং এটি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তবে বিতর্ক এখনো থামেনি। হলিউডের দুই শীর্ষ স্টুডিওর একীভূত হওয়ার এই উদ্যোগে চাকরি কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেতা, চিত্রনাট্যকার ও বিনোদন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্য প্রতিযোগিতাবিরোধী আশঙ্কা তুলে এই চুক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই একীভূতকরণ সফল হলে যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্পে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটতে পারে। তবে নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা এবং সম্ভাব্য নতুন আইনি চ্যালেঞ্জের কারণে চুক্তিটির ভবিষ্যৎ এখনো পুরোপুরি নিশ্চিত নয়।