Monday, August 17, 2026

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কলেজ প্রভাষকের মরদেহ


ফাইল ছবিঃ সম্রাট হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর সম্রাট হোসেন (৩২) নামে এক কলেজ প্রভাষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সম্রাট হোসেন ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ওয়েস্ট ব্যাংক কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার থেকে সম্রাটের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সোমবার সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সম্রাটের বন্ধু এনামুল হক মঞ্জু জানান, সম্রাট তাকে ফোন করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা জানিয়েছিলেন। গত এক সপ্তাহ ধরে তাকে কিছুটা হতাশাগ্রস্তও মনে হয়েছিল। রোববার নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. এনায়েত বলেন, সম্রাট অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্রাটের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন