Sunday, May 17, 2026

নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘অ্যাপেক্স’, শার্লিজ থেরনের বেঁচে থাকার লড়াইয়ে দর্শক মাত


ছবিঃ অ্যাপেক্স’ সিনেমার দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের নজর কাড়ছে নেটফ্লিক্সের নতুন সারভাইভ্যাল থ্রিলার Apex। হলিউড তারকা Charlize Theron অভিনীত সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের বৈশ্বিক তালিকায় টানা শীর্ষ অবস্থানে থাকার পর বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। মুক্তির প্রথম ১০ দিনেই সিনেমাটি প্রায় ৮ কোটি ভিউ অর্জন করেছে বলে জানা গেছে।

আইসল্যান্ডীয় নির্মাতা Baltasar Kormákur পরিচালিত এই সিনেমায় পাহাড়, জঙ্গল ও বন্য প্রকৃতির ভয়ংকর পরিবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে টানটান উত্তেজনার গল্প।

সিনেমার শুরুতেই দেখা যায়, নরওয়ের বিপজ্জনক পাহাড়ে চড়তে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন সাশা নামের এক নারী অভিযাত্রী। পরবর্তীতে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে তিনি অস্ট্রেলিয়ার নির্জন এক জাতীয় উদ্যানে একা ক্যাম্পিংয়ে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জড়িয়ে পড়েন আরও ভয়াবহ এক পরিস্থিতিতে।

গল্পে ধীরে ধীরে হাজির হয় রহস্যময় এক যুবক বেন, যার চরিত্রে অভিনয় করেছেন Taron Egerton। শুরুতে বন্ধুসুলভ আচরণ করলেও পরে তার ভয়ংকর রূপ প্রকাশ পায়। এরপর শুরু হয় জীবন বাঁচানোর লড়াই ও ধাওয়া-পাল্টাধাওয়ার রুদ্ধশ্বাস অধ্যায়।

সিনেমাটিতে অস্ট্রেলিয়ার দুর্গম পাহাড়, নদী ও জঙ্গলের দৃশ্য ব্যবহার করা হয়েছে দারুণ দক্ষতায়। বিশেষ করে ড্রোন শট ও প্রাকৃতিক লোকেশনের ব্যবহারে দর্শক এক ধরনের বাস্তব আতঙ্ক অনুভব করেন বলে মত দিয়েছেন সমালোচকেরা।

শার্লিজ থেরনকে এখানে অতিমানবীয় কোনো অ্যাকশন নায়িকা হিসেবে নয়, বরং ভয় ও সংকটের মধ্যে টিকে থাকার চেষ্টা করা একজন বাস্তব মানুষের চরিত্রে দেখা গেছে। অন্যদিকে ট্যারন এগারটনের অভিনীত বেন চরিত্রটি একই সঙ্গে অস্বস্তিকর, অপ্রত্যাশিত এবং ভয়ংকর হয়ে উঠেছে।

তবে গল্পের গঠন অনেকাংশে পরিচিত সারভাইভ্যাল থ্রিলারের ধাঁচ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। কিছু জায়গায় কাহিনি পুনরাবৃত্তিমূলক মনে হলেও, সিনেমাটির গতি ও রোমাঞ্চ দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা এখনো নেটফ্লিক্স দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সারভাইভ্যাল থ্রিলার ঘরানার দর্শকদের জন্য ‘অ্যাপেক্স’কে একটি উপভোগ্য অভিজ্ঞতা বলেই মনে করছেন অনেকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন