- ১৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | ঢাকা
দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারী এ ভাতার আওতায় আসবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মাউশির এক কর্মকর্তা জানান, প্রস্তাব অনুমোদনের পর চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে উৎসব ভাতার অর্থ পাঠানো হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে উৎসব ভাতা পাওয়া গেলে শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। প্রতিবছরের মতো এবারও নির্ধারিত নিয়ম অনুসারে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এ ভাতা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাব যাচাই-বাছাই শেষে দ্রুত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।