Sunday, May 17, 2026

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবরোধ


ছবিঃ প্রশাসনিক ভবনের প্রধান ফটকের গেইটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন বামপন্থী শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও অভ্যন্তরীণ একটি গেটে তালা ঝুলিয়ে কর্মসূচি শুরু করলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার নিশ্চিত, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, প্রক্টরিয়াল বডির পদত্যাগ, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, কুইক রেসপন্স টিম গঠন এবং সাইবার সুরক্ষা আইন কার্যকর করা।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, ধর্ষণচেষ্টার ঘটনার পর প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, প্রশাসন সুনির্দিষ্ট সময়সীমা জানিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক ছাত্রীকে জোরপূর্বক ঝোপের মধ্যে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়। তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে বারবার এমন ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন