- ১৭ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আন্তর্জাতিক দর্শকদের জন্য নেটফ্লিক্সে প্রকাশিত ছবিটির আনকাট সংস্করণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণের তুলনায় নেটফ্লিক্সের এই সংস্করণে সহিংসতা ও নির্মমতার মাত্রা অনেক বেশি। এতে দীর্ঘায়িত অ্যাকশন দৃশ্য, অতিরিক্ত রক্তাক্ত সংঘর্ষ, হাতুড়ি দিয়ে আঘাতের বাড়তি দৃশ্য এবং গ্রাফিক সহিংসতার একাধিক অংশ যুক্ত করা হয়েছে, যা সিনেমা হলে প্রদর্শিত সংস্করণে সীমিত আকারে ছিল।
বিশেষভাবে আলোচনায় এসেছে একটি বিতর্কিত দৃশ্য, যেখানে আন্ডারওয়ার্ল্ড চরিত্র উজাইর বালোচকে বিচ্ছিন্ন মাথা নিয়ে ফুটবল খেলতে দেখা যায়। থিয়েটার সংস্করণে এই দৃশ্যটি কেবল ইঙ্গিত আকারে ছিল, কিন্তু ওটিটি সংস্করণে তা বিস্তারিতভাবে দেখানো হয়েছে বলে দাবি দর্শকদের।
ছবির লিয়ারি গ্যাং ওয়ার অংশগুলোও আন্তর্জাতিক সংস্করণে আরও বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। নির্মাতারা আন্ডারওয়ার্ল্ডের ভয়াবহতা ও অপরাধ জগতের নির্মম বাস্তবতা ফুটিয়ে তুলতে নতুন কিছু দৃশ্য সংযোজন করেছেন।
দর্শকদের একাংশের মতে, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সংস্করণটি অনেক বেশি ‘ডার্ক’, ‘র’ এবং আপসহীন নির্মাণশৈলীর উদাহরণ। বিশেষ করে অ্যাকশন ও থ্রিলার ঘরানার দর্শকদের কাছে এটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করেছে।
জানা গেছে, আনকাট সংস্করণের দৈর্ঘ্য প্রায় তিন ঘণ্টা বায়ান্ন মিনিট, যা থিয়েটার সংস্করণের চেয়ে সামান্য বেশি। নির্মাতাদের মতে, অতিরিক্ত দৃশ্যগুলো গল্পের আবহ ও চরিত্রগুলোর মানসিক দিককে আরও গভীর করেছে।
তবে ভারতীয় দর্শকদের জন্য পরিস্থিতি ভিন্ন। আন্তর্জাতিকভাবে নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পেলেও ভারতে এটি স্ট্রিম হচ্ছে জিওহটস্টারে। সেখানে সেন্সর বোর্ড অনুমোদিত থিয়েটার সংস্করণই দেখানো হচ্ছে বলে জানা গেছে।
আদিত্য ধর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং সারা অর্জুন।
‘ধুরন্ধর’ সিরিজের প্রথম সিনেমাটিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে খল চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল।
বিশ্লেষকদের মতে, দুই কিস্তি মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক আয় ইতোমধ্যে তিন হাজার কোটি রুপির বেশি ছাড়িয়ে গেছে। ফলে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ভারতীয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে ‘ধুরন্ধর’।