- ২৩ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘বয়ফ্রেন্ড অব ডিমান্ড’-এর ক্রেডিট তালিকা থেকে কে–পপ তারকা ব্ল্যাকপিঙ্কের সদস্য জিসুর বড় ভাইয়ের নাম সরিয়ে নেওয়া হয়েছে। পরিবারের এক সদস্যকে ঘিরে ওঠা অভিযোগের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই—জিসুর এমন অবস্থান স্পষ্ট করার পরই বিষয়টি আলোচনায় আসে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এক নারী স্ট্রিমারকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। এরপরই অনলাইনে দাবি ছড়ায় যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি জিসুর ভাই এবং তিনি জিসুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ব্লিসুর সঙ্গেও যুক্ত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জিসুর পক্ষ থেকে আইনজীবী পরিষ্কারভাবে জানানো হয়, ঘটনার সঙ্গে জিসু কিংবা তাঁর প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পারিবারিক সদস্যরা কখনোই প্রতিষ্ঠানের কার্যক্রম বা সিদ্ধান্ত গ্রহণে যুক্ত ছিলেন না এবং সেখানে কোনো আর্থিক সম্পৃক্ততাও ছিল না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় সিরিজের ক্রেডিট তালিকা থেকে জিসুর ভাইয়ের নাম ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে। তবে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিষয়টি কোনো বিতর্কের কারণে নয়; বরং শুরু থেকেই ক্রেডিটে একটি তথ্যগত ভুল ছিল, যা পরে সংশোধন করা হয়েছে।
ঘটনাকে ঘিরে কে–পপ তারকা জিসু আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন। ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে তিনি ইতোমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন এবং একক শিল্পী হিসেবেও সফল অবস্থানে রয়েছেন। সংগীত, অভিনয় ও ফ্যাশন—সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি তাঁকে বৈশ্বিক তারকায় পরিণত করেছে।
২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের মাধ্যমে সংগীত জগতে যাত্রা শুরু করা জিসু বর্তমানে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ব্লিসুর মাধ্যমে একক ক্যারিয়ার পরিচালনা করছেন। ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ পেলেও সংশ্লিষ্ট পক্ষগুলো দাবি করছে, পুরো বিষয়টি ভুল তথ্য ও বিভ্রান্তি থেকে তৈরি হয়েছে।