- ২৩ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের কাছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সে।
প্রয়াত এই সংগীত কিংবদন্তি ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তাঁর জনপ্রিয়তা আজও অটুট। স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রতি মাসে তাঁর শ্রোতার সংখ্যা প্রায় ৬৫ মিলিয়ন, যা তাঁর অব্যাহত বৈশ্বিক গ্রহণযোগ্যতার প্রমাণ।
সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাইঝি জাফার জ্যাকসন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার, নিয়ালংসহ আরও অনেকে।
বায়োপিকে মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে জ্যাকসন ফাইভ ব্যান্ডে তাঁর উত্থান এবং পরবর্তী সময়ে বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পীতে পরিণত হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সংগীতজগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকাও এতে স্থান পেয়েছে।
বিশেষভাবে তাঁর বাবা জো জ্যাকসনের চরিত্রে কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়ালং অভিনয় করেছেন। এছাড়া ডায়ানা রস, বেরি গর্ডি এবং অন্যান্য সংগীত ব্যক্তিত্বদের উপস্থিতিও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশের পর থেকেই সিনেমাটির টিজার ও ট্রেলার বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। টিজার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই একশ কোটির বেশি ভিউ অর্জনের তথ্য পাওয়া যায়, যা সংগীতভিত্তিক বায়োপিকগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য রেকর্ড।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে মাইকেল জ্যাকসনের ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেকে অগ্রিম টিকিটের বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে তিনি জানান।
বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী সংগীত কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক এই সিনেমা মুক্তির পর বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে।