Tuesday, May 5, 2026

নাটোরে মায়ের ওপর ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


প্রতীকী ছবিঃ গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত এক মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাজেদা বেগম (৫৫) উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী আব্দুল মতিন অন্যত্র বসবাস করায় তিনি একাই বাড়িতে থাকতেন। অভিযুক্ত ছেলে রাজন (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাঝে মধ্যেই মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন শনিবার বিকেলে রাজন তার মায়ের কাছে এসে টাকা দাবি করেন। সাজেদা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই রাজনকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন