- ২৯ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কথিত নাশকতা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থেকেই ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আবু নাছের মোহাম্মদ ইমরান। একজন শিক্ষার্থীকে কারাগার থেকে পরীক্ষায় অংশ নিতে হওয়ায় বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ইমরানের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, নাশকতা-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তাঁর শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য কারাগার থেকেই ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
ইমরানের গ্রেপ্তার ও কারাগারে থেকে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, ইমরান একজন সাধারণ শিক্ষার্থী এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি বলেন, তদন্তে ইমরান নির্দোষ প্রমাণিত হলে দ্রুত তাঁর মুক্তি নিশ্চিত করা উচিত।
এ বিষয়ে ছাত্রশক্তির নেত্রী জিনিয়া বলেন, একজন শিক্ষার্থীকে কারাগারে থেকে পরীক্ষা দিতে হওয়া অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাঁর ভাষ্য, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি। ইমরান নির্দোষ প্রমাণিত হলে তাঁর দ্রুত মুক্তির ব্যবস্থা করা উচিত।
তিনি আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তবে ইমরানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত, গ্রেপ্তারের সময় ও মামলার বর্তমান অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।