- ০২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে টহলরত পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে বন্দরের সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় অবস্থান করছিলেন। টানা বৃষ্টির কারণে তারা বাসায় ফিরতে পারছিলেন না। রাত দেড়টার দিকে তারা ছিনতাইকারীদের মুখোমুখি হন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ছিনতাইকারীরা হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কনস্টেবল ফয়সাল ছুরিকাঘাতে আহত হন এবং তার কাছ থেকে একটি শর্টগান ছিনিয়ে নেওয়া হয়। ধস্তাধস্তির মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেলও আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্রটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।