Friday, May 8, 2026

নারায়ণগঞ্জে টহল নৌযানের দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


ছবিঃ লাশের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের একটি টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি প্রতিরোধে নিয়মিত রাতের টহলের অংশ হিসেবে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নৌপথে অভিযান চালাচ্ছিল। টহল চলাকালে তাদের ব্যবহৃত নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পর নৌযানটি উল্টে গেলে টহল দলের সদস্যরা নদীতে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে কয়েকজন সদস্য সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে নিজেদের রক্ষা করতে সক্ষম হলেও পুলিশ সদস্য মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মহসিন সরদারের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নারায়ণগঞ্জ নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে এক সহকর্মীকে হারিয়ে নৌ-পুলিশের সদস্যরা গভীরভাবে শোকাহত। নিহতের মরদেহ বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন