- ১০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে ছিনতাই হওয়া পুলিশের একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) গভীর রাতে বন্দরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছন দিক থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিস্তল ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বন্দরের বেপারি পাড়া এলাকা থেকে মিশাল নামে এক যুবককে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর রাতেই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাত আড়াইটার দিকে আটক যুবক মিশালকে সঙ্গে নিয়ে বন্দরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্যাগের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ছিনতাই হওয়া পিস্তলটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার দুপুরে শহরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ব্যবহৃত পিস্তলটি একদল ছিনতাইকারী ছিনিয়ে নেয়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অভিযানে ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ১৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।