- ১০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার লাকসাম পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মাদ্রাসার নগদ অর্থ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, ঘটনার সময় শিক্ষক ও শিক্ষার্থীরা পাশের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় এক শিক্ষার্থী মাদ্রাসা ভবনের ভেতর আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে সবাই দ্রুত বাইরে এসে বিষয়টি বুঝতে পারেন। পরে স্থানীয়রা লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে যায়।
মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, ঈদ উপলক্ষে তাদের জন্য কেনা নতুন জামা-কাপড়গুলোও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য খুবই কষ্টের বিষয়।
এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার বিষয়ে আরও খতিয়ে দেখা হচ্ছে।