Saturday, August 1, 2026

মুক্তির প্রথম দিনেই রেকর্ডের পথে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’


ছবিঃ ‘‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। প্রিভিউ প্রদর্শনীর আয়সহ ছবিটির প্রথম দিনের আয় ১৬ কোটি ৭০ লাখ থেকে ১৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকেরা।

প্রাথমিক এই পূর্বাভাস সত্যি হলে প্রথম দিনের আয়ের ক্ষেত্রে সর্বকালের শীর্ষে থাকা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’–এর রেকর্ড ভেঙে দিতে পারে নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘এন্ডগেম’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ১৫ কোটি ৭৪ লাখ ডলার।

শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার ৪ হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্লেষকদের পূর্বাভাস, উদ্বোধনী সপ্তাহান্তে সিনেমাটির আয় ৩৩ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

এমনটি হলে উত্তর আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ছবিটি। বর্তমানে এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, যা মুক্তির প্রথম সপ্তাহান্তে প্রায় ২৬ কোটি ১০ লাখ ডলার আয় করেছিল।

তবে সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা এখন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড নিয়ে। ‘এন্ডগেম’ তিন দিনে প্রায় ৩৫ কোটি ৭১ লাখ ডলার আয় করে এখনো উত্তর আমেরিকার সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড ধরে রেখেছে।

বক্স অফিস বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান গতিধারা বজায় থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সেই রেকর্ডেও হুমকি হয়ে উঠতে পারে। যদিও ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান সনি পিকচার্স এখনই রেকর্ড ভাঙার বিষয়ে নিশ্চিত কোনো পূর্বাভাস দিতে চাইছে না।

প্রিভিউয়ের আয় বাদ দিলে শুক্রবার ছবিটির মূল আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি ডলারের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই গতি অব্যাহত থাকলে তিন দিনে সিনেমাটির মোট আয় ৩৪ কোটি ২০ লাখ ডলারের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারের চূড়ান্ত আয় আরও বাড়লে ‘এন্ডগেম’-এর উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ডও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এর আগে বুধবারের বিশেষ প্রদর্শনী এবং বৃহস্পতিবারের প্রিভিউ মিলিয়ে সিনেমাটি আয় করেছে প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার। বক্স অফিসের তথ্য অনুযায়ী, এটি হলিউডের ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়ের নতুন রেকর্ড।

এর আগে সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ডটি ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে। সিনেমাটি প্রিভিউ প্রদর্শনী থেকে প্রায় ৬ কোটি ডলার আয় করেছিল।

দর্শকদের প্রতিক্রিয়াও নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমার পক্ষে যাচ্ছে। জরিপ সংস্থা পোস্টট্র্যাকের প্রাথমিক তথ্যে সাধারণ দর্শক, অভিভাবক ও শিশু—সব শ্রেণির দর্শকের কাছ থেকেই সিনেমাটি সর্বোচ্চ পাঁচ তারকা রেটিং পেয়েছে বলে জানা গেছে।

এদিকে ‘স্পাইডার-ম্যান’–এর ব্যাপক সাড়ার প্রভাব অন্য সিনেমাগুলোর আয়ে পড়লেও ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’ এখনো বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। মুক্তির তৃতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় প্রায় ৫ কোটি ২০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে উত্তর আমেরিকায় ছবিটির মোট আয় ৪০ কোটি ডলারের কাছাকাছি চলে যেতে পারে।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, শুধু নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমাই নয়, পুরো উত্তর আমেরিকার চলচ্চিত্র বাজারও নতুন রেকর্ড গড়তে পারে। সপ্তাহান্তে সব সিনেমা মিলিয়ে মোট আয় ৪০ কোটি ৭০ লাখ থেকে ৪১ কোটি ২০ লাখ ডলারের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ পূর্বাভাস বাস্তব হলে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির সপ্তাহান্তে উত্তর আমেরিকার সব সিনেমা মিলিয়ে হওয়া প্রায় ৪০ কোটি ২০ লাখ ডলারের আয়ও ছাড়িয়ে যেতে পারে।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর গল্প শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর চার বছর পরের সময়কে কেন্দ্র করে। আগের সিনেমার শেষে পৃথিবীর সবাই ভুলে যায় যে পিটার পার্কারই স্পাইডার-ম্যান। নতুন কাহিনিতে তাকে একা এবং সম্পূর্ণ নতুন বাস্তবতায় জীবন শুরু করতে দেখা যাবে।

সিনেমাটিতে পিটার পার্কারের চরিত্রে আবারও অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরেছেন জেনডায়া। নতুন প্রতিপক্ষের চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্যাডি সিঙ্ক।

প্রাথমিক আয় ও দর্শক প্রতিক্রিয়ার ধারাবাহিকতা বজায় থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু সুপারহিরো সিনেমার নয়, উত্তর আমেরিকার বক্স অফিস ইতিহাসের অন্যতম বড় উদ্বোধনী সিনেমা হয়ে উঠতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন