Wednesday, March 11, 2026

মুক্তির আগেই আলোচনায় ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’, প্রিভিউ টিকিট বিক্রিতে রেকর্ড


ছবিঃ ‘ধুরন্ধর ২’ সিনেমার ট্রেলারে রণবীর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মুক্তির আগেই দর্শকদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ। ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় প্রিভিউ শোর অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়ছে সিনেমাটি।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। তবে তার একদিন আগে ১৮ মার্চ বিকেল পাঁচটা থেকে বিভিন্ন হলে পেইড প্রিভিউ শো আয়োজন করা হবে। প্রিভিউ শোর টিকিট বিক্রি শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মাত্র ৪৪ ঘণ্টায় দুই লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে ট্রেড সূত্রে জানা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রায় ২ লাখ ৮০ হাজারের বেশি টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে।

দেশজুড়ে প্রায় আট হাজারের বেশি প্রিভিউ শোর টিকিট ইতোমধ্যেই বুক হয়ে গেছে। অগ্রিম বুকিং থেকেই ছবিটি উল্লেখযোগ্য পরিমাণ আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২০ কোটির বেশি বলে জানা গেছে। ব্লক বুকিংসহ মোট অঙ্ক আরও বেড়ে প্রায় ২৭ কোটির কাছাকাছি পৌঁছেছে।

সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পাচ্ছে। তবে হিন্দি সংস্করণেই দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যেও অগ্রিম বুকিং ভালো সাড়া পাচ্ছে। বিশেষ করে কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও দিল্লিতে টিকিট বিক্রি উল্লেখযোগ্য।

প্রিভিউ শোর অগ্রিম বুকিংয়ের আয়ের দিক থেকে ছবিটি ইতোমধ্যেই স্ত্রী ২-কে ছাড়িয়ে গেছে বলে ট্রেড বিশ্লেষকদের দাবি। পাশাপাশি পুষ্পা ২ সিনেমার আগের রেকর্ডও ভেঙে দিয়েছে বলেও আলোচনা চলছে। কারণ ‘পুষ্পা ২’ যেখানে প্রিভিউ শো থেকে সীমিত ভাষায় আয় করেছিল, সেখানে ‘ধুরন্ধর ২’ একাধিক ভাষায় প্রদর্শিত হচ্ছে।

এদিকে প্রিভিউ শোর টিকিটের দামও তুলনামূলক বেশি রাখা হয়েছে। সাধারণ স্ক্রিনে টিকিটের মূল্য শুরু হয়েছে প্রায় ৬০০ টাকা থেকে, আর প্রিমিয়াম বা বিলাসবহুল স্ক্রিনে তা বেড়ে প্রায় ৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত উঠেছে।

উল্লেখ্য, সিরিজটির প্রথম ছবি ধুরন্ধর মুক্তির সময় খুব বেশি আলোচনায় ছিল না। কিন্তু এবার দ্বিতীয় কিস্তি ঘিরে দর্শকদের আগ্রহ অনেক বেশি। ট্রেড বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগেই যে সাড়া মিলছে তাতে সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন