- ১৬ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
পাবনার সুজানগর উপজেলায় পুলিশের একটি টহল দলের ওপর হামলা ও দুটি পুলিশ গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এবং কনস্টেবল সবুজ আলম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর দোপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে এলাকায় গভীর রাত পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে একটি টহল দল মথুরাপুর এলাকায় যায়।
পুলিশের দাবি, টহল দল সেখানে পৌঁছানোর পর স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এরপর শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ঘিরে হামলা চালায়। হামলায় দুটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই সদস্য আহত হন।
অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাতে প্রথমে সম্রাট নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে আবার এলাকায় গিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তও শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, হামলার ঘটনায় কারা জড়িত এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের বক্তব্য ও পুলিশের দাবির মধ্যে কিছু বিষয়ে ভিন্নতা থাকায় বিষয়টি তদন্তাধীন।